১ মিনিটে পড়ুন
শিক্ষার মান, সুশৃঙ্খল পরিবেশ ও ধারাবাহিক সাফল্যে আবারও নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজ। এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে ১ হাজার ৫৫২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ৫৫১ জন। পাসের হার ৯৯ দশমিক ৯৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫৬১ জন শিক্ষার্থী।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় প্রকাশিত ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ফলাফলে এ সাফল্যের চিত্র উঠে আসে।
কলেজের প্রশাসনিক বিভাগ সূত্রে জানা যায়, বিজ্ঞান বিভাগ থেকে ১ হাজার ৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৯৪ জন। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১৮০ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৯ জন এবং মানবিক বিভাগ থেকে ৩১১ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯৮ জন। ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
একজন শিক্ষার্থী পরীক্ষা চলাকালে অসুস্থ হয়ে পড়ায় পরীক্ষায় অংশ নিতে পারেনি। ফলে শতভাগ পাসের অর্জন থেকে সামান্য পিছিয়ে রয়েছে প্রতিষ্ঠানটি।
আবদুল কাদির মোল্লা সিটি কলেজের এই ধারাবাহিক সাফল্যের পেছনে রয়েছে কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট শিল্পপতি আবদুল কাদির মোল্লার দূরদর্শী চিন্তা, শিক্ষার প্রতি গভীর অনুরাগ এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা। ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকেই তিনি মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটির উন্নয়ন ও শিক্ষার পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।
প্রতিষ্ঠানটি ২০০৮ সালে প্রথম ফলাফলে ৯৯ শতাংশ পাসের হার অর্জন করে। ২০০৯ সালে শতভাগ পাসসহ ঢাকা বোর্ডে পঞ্চম এবং জাতীয় পর্যায়ে ষষ্ঠ স্থান অর্জন করে। ২০১০ সালে ঢাকা বোর্ডে চতুর্থ এবং ২০১১ সালে সপ্তম স্থান অর্জন করে। পরবর্তী সময়ে ২০১২, ২০১৩ ও ২০১৪ সালে ঢাকা বোর্ড তথা জাতীয় পর্যায়ে শতভাগ পাসসহ দ্বিতীয় স্থান অর্জনের গৌরব লাভ করে।
২০১৫ সাল থেকে শিক্ষা বোর্ডের সেরাদের তালিকা প্রকাশ বন্ধ থাকলেও প্রতিষ্ঠানটি নিজেদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে। ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন পরীক্ষায় ধারাবাহিকভাবে ভালো ফলাফল অর্জন করে আসছে কলেজটি।
কলেজের অধ্যক্ষ হেরেম উল্লাহ আহসানের নেতৃত্বে শিক্ষার্থীদের ফলাফল উন্নয়নে নিয়মিত ক্লাস, বিশেষ ক্লাস, হোম ভিজিট, টিউটোরিয়াল, মাসিক পরীক্ষা এবং গাইড টিচারের মাধ্যমে সার্বক্ষণিক তত্ত্বাবধান করা হয়। শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি পর্যবেক্ষণ এবং দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর দেওয়ার মাধ্যমে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।
অধ্যক্ষ হেরেম উল্লাহ আহসান বলেন, পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা আবদুল কাদির মোল্লার সরাসরি নির্দেশনা ও সহযোগিতায় আমরা শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এ সাফল্য এসেছে। একজন শিক্ষার্থী অসুস্থতার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারায় শতভাগ পাসের অর্জন থেকে বঞ্চিত হয়েছি।
কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি আবদুল কাদির মোল্লা বলেন, প্রথমেই মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এই অর্জন শুধু কলেজের নয়, এটি নরসিংদীবাসীর অর্জন। শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সংশ্লিষ্টদের মতে, প্রতিষ্ঠাতার সুদূরপ্রসারী পরিকল্পনা, অধ্যক্ষের দক্ষ নেতৃত্ব, শিক্ষকদের আন্তরিকতা এবং শিক্ষার্থীদের নিয়মিত পরিচর্যা ও তত্ত্বাবধানের সমন্বয়েই আবদুল কাদির মোল্লা সিটি কলেজ সাফল্যের এই ধারাবাহিকতা ধরে রাখতে সক্ষম হয়েছে। প্রতিষ্ঠানটির এই অর্জন নরসিংদীর শিক্ষাঙ্গনের জন্যও একটি উল্লেখযোগ্য সাফল্য।









