এলপিজির ‘নতুন দাম’ নির্ধারণে গণশুনানি ২৯ অক্টোবর

১ মিনিটে পড়ুন

সরকারি ও বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ভোক্তাপর্যায়ের দাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে আগামী ২৯ অক্টোবর গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

সম্প্রতি প্রকাশিত সংস্থাটির এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

শুনানিতে সরকারি এলপিজির বর্তমান দর এবং বেসরকারি খাতের বোতলজাতকরণ, পরিবেশক ও খুচরা বিক্রেতা পর্যায়ের বিভিন্ন চার্জসহ সামগ্রিক মূল্য পরিবর্তনের প্রস্তাবগুলো বিস্তারিত পর্যালোচনা করা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর নিউ ইস্কাটনে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশনের শহীদ এ কে এম শামসুল হক খান মেমোরিয়াল মিলনায়তনে এ গণশুনানি অনুষ্ঠিত হবে।

সরকারি এলপিজির ভোক্তাপর্যায়ের বিদ্যমান মূল্য পরিবর্তনের প্রস্তাব কমিশনে দাখিল করেছে এলপি গ্যাস লিমিটেড (এলপিজিএল)। অন্যদিকে বেসরকারি এলপিজির ক্ষেত্রে বোতলজাতকরণ ও বোতলজাতকরণ-সংক্রান্ত চার্জ, পরিবেশক চার্জ এবং খুচরা বিক্রেতা পর্যায়ের চার্জ পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে।

বিইআরসি জানিয়েছে, ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩’-এর ৩৪(৬) ধারা অনুযায়ী এ গণশুনানির আয়োজন করা হয়েছে। শুনানিতে আগ্রহী ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান ও অংশীজন সংস্থা অংশ নিয়ে সরকারি-বেসরকারি এলপিজির মূল্য ও চার্জ সংক্রান্ত দাফতরিক তথ্য-উপাত্ত এবং প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপনের সুযোগ পাবেন।

এ গণশুনানিতে অংশগ্রহণের জন্য আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আগেই গত ১৭ অক্টোবরের মধ্যে কমিশনে লিখিত মতামত জমা দেওয়া ও নাম তালিকাভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছিল। প্রস্তাব সংক্রান্ত বিস্তারিত তথ্য বিইআরসির অফিশিয়াল ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে।

এজেএ

শেয়ার :
শেয়ার করুন