কাশিয়াডাঙ্গা থানা দ্বি-বার্ষিক পরিদর্শনে আরএমপি পুলিশ কমিশনার

১ মিনিটে পড়ুন

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করেছেন আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় তিনি কাশিয়াডাঙ্গা থানা পরিদর্শনে যান। পরিদর্শনকালে পুলিশ কমিশনার থানার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং দাপ্তরিক নথিপত্র, রেজিস্টারসহ গুরুত্বপূর্ণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন।

এ সময় তিনি জুয়া, কিশোর গ্যাং, মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। একই সঙ্গে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল জোরদার, অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বৃদ্ধি এবং সাধারণ জনগণকে দ্রুত ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

পুলিশ কমিশনার অধীনস্থ কর্মকর্তা ও সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বদা সতর্ক থাকার আহ্বান জানান।

পরিদর্শন শেষে পুলিশ কমিশনার থানার সকল অফিসার ও ফোর্সের সঙ্গে মতবিনিময় করেন এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা শোনেন এবং তা সমাধানের আশ্বাস দেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) শামিমা নাসরিন, সহকারী পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা জোন) সুকুমার মোহন্ত, কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. ফরহাদ আলীসহ আরএমপির অন্যান্য কর্মকর্তারা।

শেয়ার :
শেয়ার করুন