ভাটিবন্দরে নদীতে তলিয়ে যাওয়া তিন স্কুলশিক্ষার্থী উদ্ধার

১ মিনিটে পড়ুন

সোনারগাঁয়ের ভাটিবন্দর এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মোগরাপাড়া এইচ জি জি এস স্মৃতি সরকারি বিদ্যায়তনের তিন শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।


রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে মেঘনা নদীর ভাটিবন্দর এলাকায় এ ঘটনা ঘটে।

উদ্ধারকৃত শিক্ষার্থীরা হলো আশিন (১৩), আরেফিন (১৪) ও আবির (১৩)। তারা উপজেলার বাড়িমজলিস এলাকার বাসিন্দা এবং মোগরাপাড়া এইচ জি জি এস স্মৃতি সরকারি বিদ্যায়তনের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কয়েকজন বন্ধু মিলে মেঘনা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর স্রোতে আশিন, আরেফিন ও আবির তলিয়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধারের চেষ্টা চালালেও তাদের খুঁজে পাওয়া যায়নি।


খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় তল্লাশির পর নিখোঁজ তিন শিক্ষার্থীকে উদ্ধার হয়।

এদিকে এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে নদীর তীরে স্বজন ও এলাকাবাসী ভিড় জমায়। নিখোঁজ হওয়ার খবরে পরিবারগুলোতে উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। পরে উদ্ধার অভিযানে তিনজনকে উদ্ধার করা হলে স্বজনদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে।ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালিয়ে তিন শিক্ষার্থীকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের পাশাপাশি নদীতে গোসলের সময় শিশু-কিশোরদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

শেয়ার :
শেয়ার করুন