1 মিনিটে পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের ঐতিহ্যবাহী সলিমগঞ্জ আব্দুর রউফ মুসলিম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সর্বজন শ্রদ্ধেয় শিক্ষাবিদ মরহুম আব্দুল ওয়াহিদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সলিমগঞ্জ বাজার কমিটির উদ্যোগে আয়োজিত এ মিলাদ ও দোয়া মাহফিলে মরহুম আব্দুল ওয়াহিদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মরহুম আব্দুল ওয়াহিদ ছিলেন একজন আদর্শ শিক্ষক ও মানবিক গুণসম্পন্ন ব্যক্তিত্ব। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি সততা, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দিয়ে অসংখ্য শিক্ষার্থীর জীবন গড়ে তুলেছেন। তাঁর হাতে গড়ে ওঠা অনেক শিক্ষার্থী বর্তমানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করছেন।
শুধু শিক্ষার্থীদের কাছেই নয়, সলিমগঞ্জের সর্বস্তরের মানুষের কাছেও আব্দুল ওয়াহিদ ছিলেন অত্যন্ত শ্রদ্ধা ও ভালোবাসার একজন মানুষ। তাঁর মৃত্যুতে সলিমগঞ্জবাসী একজন অভিভাবকতুল্য ব্যক্তিত্বকে হারিয়েছে। তাঁর মৃত্যুতে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী হান্টু মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ এমদাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক মোহাম্মদ সোহাগ মনি, সলিমগঞ্জ বাজার কমিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ সময় বক্তারা মরহুম আব্দুল ওয়াহিদের কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন। তাঁরা বলেন, একজন আদর্শ শিক্ষক তাঁর কর্ম ও আদর্শের মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম মানুষের হৃদয়ে বেঁচে থাকেন। আব্দুল ওয়াহিদের শিক্ষা ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
পরে মরহুম আব্দুল ওয়াহিদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে মহান আল্লাহর কাছে তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তৌফিক কামনা করা হয়।
মরহুম আব্দুল ওয়াহিদ আজ নেই, কিন্তু তাঁর শিক্ষা, আদর্শ ও কর্মময় জীবনের স্মৃতি সলিমগঞ্জবাসী ও তাঁর অসংখ্য শিক্ষার্থীর হৃদয়ে চিরদিন অমলিন হয়ে থাকবে।





