1 মিনিটে পড়ুন
ঢাকার কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রস্তাবিত দ্বিতীয় ক্যাম্পাস এলাকায় গোসল করতে নেমে পানিতে ডুবে রাবেয়া (১৪) ও জুলিয়া আক্তার (২০) নামের দুই তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত দুই তরুণীর বাড়ি কেরানীগঞ্জের কোণ্ডা ইউনিয়নের আলুকান্দা স্ট্যান্ড বাজার এলাকায়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে ওই দুই তরুণী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস সংলগ্ন এলাকায় গোসল করার উদ্দেশ্যে পানিতে নামে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোসল করার একপর্যায়ে অজান্তে তারা গভীর পানিতে চলে যায় এবং সাঁতার জানা না থাকায় পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাদের সাড়া না পেয়ে আশপাশের লোকজনের সন্দেহ হয়।
পরবর্তীতে স্থানীয়দের স্বতস্ফূর্ত সহযোগিতায় তাদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।
দিনের আলোয় ঘটা এই আকস্মিক ও মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে আশপাশের বাতাস। এ ধরনের উন্মুক্ত জলাশয়ে গোসল করার সময় শিশু ও কিশোর-কিশোরীদের নিরাপত্তার বিষয়ে অভিভাবকসহ স্থানীয়দের আরও বেশি সতর্ক হওয়ার তাগিদ দিয়েছেন সচেতন মহল।





