সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

1 মিনিটে পড়ুন

নরসিংদীর মনোহরদী উপজেলার চরগোহালবাড়িয়া গ্রামের উটনির বাজারসংলগ্ন খালাশী বাড়ি খেয়াঘাটে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার দুপুরে খেয়াঘাট এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, খালাশী বাড়ি খেয়াঘাটে সেতু নির্মাণের দাবি জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। কিন্তু প্রস্তাবিত স্থানে সেতু নির্মাণ না করে অন্য স্থানে নির্মাণের জন্য একটি মহল তৎপরতা চালাচ্ছে বলে তাঁরা অভিযোগ করেন। বক্তারা বলেন, প্রস্তাবিত স্থানেই সেতু নির্মাণ করা হলে দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘব হবে। পাশাপাশি যোগাযোগব্যবস্থার উন্নয়নের ফলে এলাকার শিক্ষা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে।

স্থানীয় বাসিন্দারা জানান, খালাশী বাড়ি খেয়াঘাট দিয়ে প্রতিদিন হাজারো মানুষ পারাপার হন। শিক্ষার্থী, রোগী, কৃষক ও ব্যবসায়ীদের নৌকায় করে ঝুঁকি নিয়ে খাল পার হতে হয়। বর্ষা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এ দুর্ভোগ আরও বেড়ে যায়। মানববন্ধনে বক্তারা বলেন, সেতুটি নির্মিত হলে কৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের যাতায়াত সহজ হবে। কৃষিপণ্য পরিবহন ও রোগীদের দ্রুত চিকিৎসাকেন্দ্রে নেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেতুটি।

মানববন্ধন থেকে জাতীয় সংসদে উত্থাপিত প্রস্তাব অনুযায়ী খালাশী বাড়ি খেয়াঘাটে দ্রুত সেতু নির্মাণের কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়। মানববন্ধনে কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি শাহজাহান মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক শামসুল আলম, ইউনিয়ন বিএনপির সদস্য চিকিৎসক রমজান আলী ও দুলাল মেম্বার, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রজব আলী, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান ধনুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন