1 মিনিটে পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বাংলাদেশ গণসংহতি আন্দোলনের এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ১ সেপ্টেম্বর উপজেলার নাটঘর পশ্চিমপাড়া এলাকার আব্দুল মুমিন মিয়ার বাড়িতে অনুষ্ঠিত এ কর্মী সম্মেলনে দলটির নেতাকর্মী ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সম্মেলনে আব্দুল মুমিন মিয়ার সভাপতিত্বে এবং নবীনগর উপজেলা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ গোলাম মোস্তফা কামালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাহিদা জাহান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক কমিটির সদস্যসচিব ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইমানুজ্জামান পল্লব।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ডাক্তার বিল্লাল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার নাহিদা জাহান বলেন,
“আমি আপনাদের কাছে কোনো দূরের মানুষ হয়ে আসতে চাই না। আমাকে আপনাদের একজন সাধারণ মানুষ হিসেবেই গ্রহণ করবেন। আমি আপনাদের সুখ-দুঃখের সঙ্গী হয়ে, আপনাদের আশা-আকাঙ্ক্ষা ও অধিকার নিয়ে কাজ করতে চাই। নবীনগরের সাধারণ মানুষের পাশে থেকে একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও মানুষের প্রত্যাশার নবীনগর গড়ার স্বপ্ন দেখি। আপনাদের ভালোবাসা, সহযোগিতা ও সমর্থন পেলে আগামী দিনে নবীনগর উপজেলা থেকে জাতীয় সংসদ নির্বাচনে গণসংহতি আন্দোলনের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। তবে সেই পথচলায় সবচেয়ে বড় শক্তি হবে আপনাদের আস্থা ও ভালোবাসা।”
তিনি আরও বলেন, রাজনীতি মানুষের সেবা করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছে দেওয়া এবং অবহেলিত মানুষের কথা বলাই হবে তাদের রাজনীতির মূল লক্ষ্য।
প্রধান বক্তা মোহাম্মদ ইমানুজ্জামান পল্লব বলেন,
“বাংলাদেশ গণসংহতি আন্দোলন সবসময় দেশের কৃষক, মজুর, শ্রমিক ও অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করে যাচ্ছে। সমাজের যেসব মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত, বঞ্চিত ও তাদের ন্যায্য পাওনা থেকে পিছিয়ে রয়েছে—আমাদের রাজনীতি মূলত সেই মানুষের কথা বলার রাজনীতি।”
তিনি আরও বলেন, একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। কৃষকের ঘামে, শ্রমিকের পরিশ্রমে এবং সাধারণ মানুষের অবদানে দেশ এগিয়ে গেলেও তাদের অনেকেই আজও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। সেই বঞ্চিত মানুষের অধিকার আদায় এবং তাদের কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করতেই গণসংহতি আন্দোলন কাজ করে যাচ্ছে।
বক্তারা বলেন, রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয়, মানুষের পাশে দাঁড়ানোর জন্য। সাধারণ মানুষের সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষা ও অধিকারকে প্রাধান্য দিয়ে একটি মানবিক ও জনকল্যাণমুখী সমাজ গড়ে তোলার লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
কর্মী সম্মেলনে বক্তারা নবীনগরের সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে গণসংহতি আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা ও নবীনগরে গণসংহতি আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।





