1 মিনিটে পড়ুন
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আল মুজাহিদ মল্লিক। “মাদককে ‘না’ বলুন” এই স্লোগানকে সামনে রেখে তিনি দীর্ঘদিন ধরে সোনারগাঁওবাসীকে সচেতন করার পাশাপাশি যুব সমাজকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আসছেন।
এরই ধারাবাহিকতায় জামপুর ইউনিয়নের টানপাড়া গ্রামের যুব সমাজের উদ্যোগে একটি মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযানের সময় বশিরগাঁও গ্রামের সোহেল নামে এক মাদকসেবীকে ১ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি ইয়াবা সংগ্রহের উৎস সম্পর্কে তথ্য দেন। সোহেলের দেওয়া তথ্যানুযায়ী, তিনি স্থানীয় ইয়াবা ব্যবসায়ী সেলিম ও তার চার ছেলের কাছ থেকে মাদক ক্রয় করতেন বলে জানান। এ তথ্য পাওয়ার পর টানপাড়া গ্রামের যুব সমাজের সদস্যরা একত্রিত হয়ে সেলিমের বাড়িতে যান এবং তাকে ইয়াবা ব্যবসা বন্ধ করার জন্য কঠোরভাবে সতর্ক করেন।এ সময় সেলিম তার মাদক ব্যবসার বিষয়টি স্বীকার করেন বলে স্থানীয়রা দাবি করেন। পাশাপাশি তিনি ভবিষ্যতে আর ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকবেন না বলেও উপস্থিত ব্যক্তিদের কাছে অঙ্গীকার করেন।
ঘটনার বিষয়ে আল মুজাহিদ মল্লিক বলেন, “মাদক আমাদের যুব সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। তাই প্রতিটি এলাকার সচেতন যুব সমাজকে আমি আহ্বান জানাই, তারা যেন নিজ নিজ অবস্থান থেকে সর্বগ্রাসী ইয়াবা ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলে। মাদকমুক্ত সমাজ গঠনে আমি সবসময় সচেতন যুব সমাজের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব, ইনশাআল্লাহ।”স্থানীয় সচেতন মহল মনে করছে, প্রশাসনের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ এবং যুব সমাজের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সোনারগাঁওকে মাদকমুক্ত করা সম্ভব হবে।





