রাজশাহীর বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানের দায়িত্ব হস্তান্তর, নবাগত এসপি মামুন অর রশিদের যোগদান

1 মিনিটে পড়ুন

রাজশাহী জেলা পুলিশের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ আগস্ট ২০২৬) অপরাহ্নে রাজশাহী জেলা পুলিশের নবযোগদানকৃত পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদের কাছে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান দায়িত্বভার হস্তান্তর করেন।

দায়িত্ব হস্তান্তর ও গ্রহণকালে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.টি.এম. মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জানা যায়, নবযোগদানকৃত পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদের সর্বশেষ কর্মস্থল ছিল পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা। তিনি ২৮তম বিসিএস পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে ২০১১ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। কর্মজীবনে সততা, দক্ষতা ও পেশাদারিত্বের জন্য তিনি সুপরিচিত।

দায়িত্ব গ্রহণের পর রাজশাহী জেলা পুলিশের সার্বিক কার্যক্রম আরও গতিশীল করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে, বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান রাজশাহী জেলা পুলিশের দায়িত্ব পালন শেষে পুলিশ সুপার, সিআইডি হিসেবে যোগদানের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তিনি ২০২৫ সালের ২৯ নভেম্বর রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব পালনকালে মোহাম্মদ নাঈমুল হাছান একজন বিচক্ষণ, মানবিক ও দক্ষ নেতৃত্বের অধিকারী হিসেবে পরিচিতি লাভ করেন। তাঁর পেশাদারিত্ব, কর্তব্যনিষ্ঠা ও কার্যকর নেতৃত্বে রাজশাহী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটে বলে সংশ্লিষ্টরা জানান।

তাঁর দায়িত্বকালীন সময়ে বিভিন্ন অভিযানে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, ডাকাতি ও হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার এবং হারানো মোবাইল ফোন উদ্ধারে জেলা পুলিশ সাফল্য অর্জন করে। এসব কার্যক্রমের মাধ্যমে তিনি রাজশাহীবাসীর প্রশংসা অর্জন করেন।

রাজশাহীবাসী নবযোগদানকৃত পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদের নেতৃত্বে জেলা পুলিশের সব ইউনিট আরও দায়িত্বশীল ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে এবং জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে জনগণের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন।

শেয়ার করুন