1 মিনিটে পড়ুন
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব সুনামের সঙ্গে পালন করে যেতে চান বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, মন্ত্রণালয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না এবং কাউকে অনিয়ম করার সুযোগও দেওয়া হবে না।
শনিবার (২২ আগস্ট) রাতে রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাব কনভেনশন সেন্টারের হেলমেট হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ‘বার্ষিক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকাল, সহপাঠীদের সঙ্গে কাটানো স্মৃতি এবং মহান মুক্তিযুদ্ধের সময়ের নানা স্মৃতিচারণ করেন। একই সঙ্গে বিভাগের প্রয়াত শিক্ষক ও সহপাঠীদের স্মরণ করে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।
মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘৬৯-৭০ ব্যাচের শিক্ষার্থী হিসেবে মুক্তিযুদ্ধের কারণে আমাদের শিক্ষাজীবনে ব্যাঘাত ঘটেছিল। যুদ্ধ শেষে ফিরে এসে যখন পরীক্ষার মুখোমুখি হতে হয়, তখন তৎকালীন বিভাগীয় প্রধান ড. এম এন হুদার সঙ্গে আমরা দেখা করি। দেশের স্বাধীনতার জন্য যুদ্ধে অংশ নেওয়ার বিষয়টি তুলে ধরে আমরা বিশেষ মূল্যায়নের অনুরোধ জানাই। পরবর্তীতে শিক্ষকদের আন্তরিক সহায়তায় আমাদের নিয়মিতকরণের ব্যবস্থা করা হয়।’
শিক্ষকদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, ‘গুণী শিক্ষকদের দিকনির্দেশনা ও স্নেহেই আজ আমরা এই পর্যায়ে পৌঁছাতে পেরেছি।’
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের বিষয়ে মন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে গুরুদায়িত্ব দিয়েছেন, তা যেন সততার সঙ্গে পালন করতে পারি। একজন সহকর্মী ও বন্ধু হিসেবে অর্থনীতি বিভাগের ভাবমূর্তি উজ্জ্বল রেখে দেশসেবা করাই আমার মূল লক্ষ্য।’
অনুষ্ঠানে অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. ফেরদৌসী নাহার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ইকোনমিক্স ডিপার্টমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউইডিএএ) সভাপতি সৈয়দ আলী জওহর রিজভীসহ বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।





