1 মিনিটে পড়ুন
নতুন পাওয়ার ট্রান্সফরমার স্থাপন, বিদ্যুৎ লাইন স্থানান্তর ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে নরসিংদীর বিভিন্ন এলাকায় আগামীকাল শনিবার (২২ আগস্ট) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, চৌয়ালা-১ উপকেন্দ্রে নতুন একটি ১০ এমভিএ পাওয়ার ট্রান্সফরমার স্থাপনের কাজের জন্য চৌয়ালা-১ (ইউনিট-২) ৩৩ কেভি ফিডার বন্ধ রাখা হবে। একই সঙ্গে সড়ক ও জনপথের রাস্তা সম্প্রসারণ কাজে ঠিকাদার কর্তৃক লাইন স্থানান্তর ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিসিক ৩৩ কেভি ফিডার ও হাসনাবাদ ৩৩ কেভি ফিডারও নির্ধারিত সময়ে বন্ধ থাকবে।
এ কারণে এসব ৩৩ কেভি ফিডারের আওতাধীন নরসিংদী বিসিক শিল্পনগরী, সৈয়দনগর, পুটিয়া, সোনাতলা, ঘোড়াদিয়া, চিনিশপুর, কালীমন্দির, আল্লাহচত্তর, শাপলা চত্তর, কারারচর, ডৌকারচর, বাদুয়ারচর, বদরপুর, হাজীপুর, নাগরিয়াকান্দি, সাটিরপাড়া, ইউএমসি, বৌয়াকুড়, বাজিরমোড়, পশ্চিম কান্দাপাড়া, আরশিনগর, লাইব্রেরি পট্টি, কামারগাঁও, নবাববাড়ী ও কুমিল্লা কলোনীসহ সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজার মো. আব্দুল কুদ্দুস।





