নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ২৯ হাজার টাকা

1 মিনিটে পড়ুন

নরসিংদী সদর উপজেলার ব্রাহ্মণপাড়া ও ভেলানগর এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে তিতাস গ্যাসের সংশ্লিষ্ট টিম ও ১৩ জন পুলিশ সদস্য অংশ নেন।

অভিযানকালে অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ ও ব্যবহার এবং প্রচলিত আইন ও বিধিবিধান লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় ১০টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় অভিযুক্তদের মোট ৩ লাখ ২৯ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ ঘটনাস্থলেই আদায় করা হয়েছে।

অভিযানের অংশ হিসেবে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। জরিমানার পাশাপাশি অভিযুক্তদের অবৈধ গ্যাস সংযোগের লাইন বিচ্ছিন্ন করা হয়। এছাড়া অভিযান ও পরবর্তী কার্যক্রমের আওতায় এলাকায় প্রায় ১০০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

অভিযান চলাকালে গ্যাসের বকেয়া বিল বাবদ আরও ৩ লাখ ১৪ হাজার ১০০ টাকা আদায় করা হয়। এতে সরকারি রাজস্ব আদায়ের পাশাপাশি দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধে সংশ্লিষ্ট গ্রাহকদের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

এ সময় স্থানীয় সাধারণ মানুষকে অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ ও ব্যবহার না করার বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি বৈধভাবে গ্যাস ব্যবহার, নিয়মিত বিল পরিশোধ এবং অবৈধ সংযোগের মাধ্যমে গ্যাস ব্যবহারের ফলে সরকারি সম্পদের অপচয় ও রাজস্ব ক্ষতির বিষয়ে তাদের অবহিত করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অবৈধ সংযোগের মাধ্যমে গ্যাস ব্যবহার, সরকারি সম্পদের অপচয় ও রাজস্ব ক্ষতি রোধে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, নরসিংদীর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এফএম. নাঈম হাসান শুভ।

শেয়ার করুন