1 মিনিটে পড়ুন
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের একটি গেস্ট হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ জনের প্রাণহানি ঘটেছে। এ দুর্ঘটনায় নিহতদের মধ্যে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিকসহ মোট ছয়জনের নাম-পরিচয় নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
নিহত বাংলাদেশীদের মধ্যে চারজনের বাড়ি কুষ্টিয়া জেলায় এবং একজনের বাড়ি ঢাকার সাভারে। শনাক্ত হওয়া বাংলাদেশিরা হলেন—কুষ্টিয়া মডেল থানার আড়ুয়াপাড়ার স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও চ্যানেল নাইন এর জেলা প্রতিনিধি দেবাশিস দত্ত ও তাঁর সন্তান শর্ণশিষ দত্ত, স্ত্রী আফসানা শারমিন এবং তার পিতা থানাপাড়ার মো. আকরাম আলী এবং সাভারের আমিনবাজারের বাসিন্দা আহমেদ বাবু।
প্রসঙ্গত, বুধবার ভোররাতে মির্জা গালিব স্ট্রিটের ওই হোটেলটিতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশের যৌথ প্রচেষ্টায় ভবনটি থেকে প্রায় ৮০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ৯ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ আগে সাংবাদিক দেবাশীষ দত্ত তার বড় মেয়েকে পরিবারের লোকজনের কাছে রেখে ছোট ছেলে স্ত্রী এবং তার শ্বশুর আকরাম আলীকে নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে ব্যাঙ্গালোরে যান। মঙ্গলবার সেখান থেকে ফিরে কলকাতার উক্ত হোটেলে রাত যাপনকালে এ মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। তার মৃত্যুর সংবাদে পরিবার ও সতীর্থদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।





