1 মিনিটে পড়ুন
বুধবার (১২ আগস্ট) বিকেলে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় তিনটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুর নাহিন নিশাদ।
এইসব ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের প্রমানের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানগুলোকে মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি এক অনভিজ্ঞ ল্যাব টেকনিশিয়ানকে এক মাস এবং একজন ভুয়া চিকিৎসককে ৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে।
অভিযানে অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে কোয়ালিটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে শাকিল নামে এক ব্যক্তিকে অনভিজ্ঞ ল্যাব টেকনিশিয়ান হিসেবে কাজ করার অভিযোগে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে আরও ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে মডেল ডায়াগনস্টিক সেন্টারে আসাদ নামে এক ব্যক্তিকে ভুয়া চিকিৎসক হিসেবে শনাক্ত করে, ভ্রাম্যমাণ আদালত তাকে ৫ মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। একই প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়মের কারণে মডেল ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করেন ভ্রাম্যমান আদালত।
অভিযান শেষে ম্যাজিস্ট্রেট নুর নাহিন নিশাদ বলেন- রোগীদের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে ডায়াগনস্টিক সেন্টারগুলোর অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





