শিবপুরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা; ৫ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা আদায়

1 মিনিটে পড়ুন

অদ্য ১১/০৮/২০২৬ খ্রি. তারিখ, রোজ মঙ্গলবার, নরসিংদী জেলার শিবপুর উপজেলার মদীনা জুটমিল সংলগ্ন মধ্য কারারচর এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভ-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে তিতাস গ্যাস কর্তৃপক্ষের সংশ্লিষ্ট টিম, ১২ জন পুলিশ সদস্য এবং ০৫ জন ব্যাটালিয়ন আনসার সদস্য অংশগ্রহণ করেন।

অভিযানকালে এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ ও ব্যবহারের বিভিন্ন অনিয়ম পরিদর্শন ও যাচাই করা হয়। এসময় বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মোবাইল কোর্টে ০৪টি মামলা দায়ের করা হয়। মামলাসমূহে অভিযুক্ত ব্যক্তিদের সর্বমোট ৫,৪০,০০০/- (পাঁচ লক্ষ চল্লিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ঘটনাস্থলেই সম্পূর্ণ অর্থ আদায় করা হয়।

অর্থদণ্ড আরোপের পাশাপাশি অবৈধভাবে ব্যবহৃত গ্যাস সংযোগসমূহের সংযোগ লাইন তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করা হয়। অভিযান পরিচালনার ফলে সংশ্লিষ্ট এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্রায় ২০০টির অধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এছাড়াও, অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ ও ব্যবহারের ক্ষতিকর দিক, এর ফলে জননিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এবং অবৈধ সংযোগের বিরুদ্ধে প্রচলিত আইনে শাস্তির বিধান সম্পর্কে স্থানীয় জনগণকে অবহিত করা হয়। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় প্রচারণা ও সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের নির্দেশনায় ও সংশ্লিষ্ট দপ্তরসমূহের সমন্বয়ে পরিচালিত এ ধরনের অভিযান অবৈধ গ্যাস সংযোগ প্রতিরোধ, সরকারি সম্পদের সুরক্ষা এবং নিরাপদ ও বৈধ গ্যাস ব্যবহারের পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অবৈধ গ্যাস সংযোগ গ্রহণ ও ব্যবহার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। একই সঙ্গে অবৈধ গ্যাস সংযোগের বিষয়ে তথ্য থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

শেয়ার করুন