1 মিনিটে পড়ুন
নরসিংদীর মনোহরদী উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড, সুশাসন ও স্বচ্ছ প্রশাসনিক কার্যক্রমের জন্য প্রশংসিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান বদলি হয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে পরিকল্পনা কমিশনের সিনিয়র সহকারী প্রধান পদে পদায়ন করা হয়েছে।
মনোহরদীতে দায়িত্ব পালনকালে এম এ মুহাইমিন আল জিহান বিভিন্ন জনকল্যাণমূলক ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেন। বিশেষ করে কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-এর আওতায় খাল পুনঃখনন প্রকল্পে দক্ষ পরিকল্পনা, নিয়মিত তদারকি এবং স্বচ্ছ বাস্তবায়নের মাধ্যমে প্রায় ৪৭ লাখ ৬৬ হাজার টাকা সরকারি অর্থ সাশ্রয় করে তা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়ে ব্যাপক প্রশংসা কুড়ান। এছাড়া ভূমি ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং বিভিন্ন সরকারি সেবায় জবাবদিহিতা নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তার কর্মদক্ষতা, সততা ও জনবান্ধব প্রশাসনিক কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ বদলিজনিত বিদায় উপলক্ষে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন তাকে সংবর্ধনা জানায়।
এ উপলক্ষে দৈনিক বাংলার নবকণ্ঠ পরিবারের পক্ষ থেকেও তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পত্রিকার সম্পাদক রুমাজ্জল হোসেন রুবেল তার হাতে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় তিনি মনোহরদীতে দায়িত্ব পালনকালে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সরকারি কর্মকর্তাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিদায়ী বক্তব্যে এম এ মুহাইমিন আল জিহান বলেন, মনোহরদীতে দায়িত্ব পালন আমার কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। জনগণের কল্যাণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করেছি। সকলের সহযোগিতা না পেলে এসব অর্জন সম্ভব হতো না। নতুন কর্মস্থলেও একই নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে দেশের উন্নয়নে অবদান রাখার চেষ্টা করব।
স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বলেন, মনোহরদীতে ইউএনও হিসেবে এম এ মুহাইমিন আল জিহান উন্নয়ন, সুশাসন ও জনসেবামূলক কর্মকাণ্ডে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তার নতুন দায়িত্বে সফলতা কামনা করেন তারা।





